পদ নয়, মানুষের ভালোবাসা যার পরিচয়
শেরপুরের রাজিয়া সামাদ ডালিয়ার জীবন যেন সেই সত্যেরই এক দীর্ঘ উদাহরণ। শিক্ষা, চিকিৎসা, নারী উন্নয়ন, শিশুদের কল্যাণ, রক্তদান, পরিবেশ, সংস্কৃতি ও নাগরিক উদ্যোগ—সমাজের নানা ক্ষেত্রে কয়েক দশক ধরে তাঁর সক্রিয় উপস্থিতি। প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের পাশে ব্যক্তিগতভাবেও দাঁড়িয়েছেন তিনি। এ কারণেই শেরপুরের মানুষের কাছে তিনি কেবল রাজিয়া সামাদ ডালিয়া নন; আপনজনের মতো পরিচিত—‘ডালিয়া আপা’ নামে।
এক অভিজাত পরিবারে রাজিয়া সামাদ ডালিয়ার জন্ম ১৯৪৩ সালের ১ ডিসেম্বর শেরপুর শহরের খরমপুর এলাকায়। তাঁর বাবা খানবাহাদুর ফজলুর রহমান, মা লুৎফুন্নেছা। ১১ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন মধ্যম। চট্টগ্রাম মহিলা কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জনের পর ১৯৬৪ সালের অক্টোবরে তাঁর বিয়ে হয় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুস সামাদের সঙ্গে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে।
১৯৮১ সালে স্বামীর মৃত্যুর পর জীবনের গতিপথে আসে বড় পরিবর্তন। ১৯৮৩ সালে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। প্রায় সাত বছর শিক্ষকতার পর ১৯৯০ সালে ঢাকার স্বচ্ছন্দ জীবন ছেড়ে ফিরে আসেন নিজের শহর শেরপুরে। শেরপুরে ফিরে আসার মধ্য দিয়ে শুরু হয় তাঁর জীবনের দ্বিতীয় অধ্যায়—যে অধ্যায়ের কেন্দ্রে ছিল নিজের জীবন নয়, মানুষের জীবন।
ব্যক্তিগত সহায়তা থেকে প্রাতিষ্ঠানিক মানবসেবা
শেরপুরে ফিরে রাজিয়া সামাদ ডালিয়া ধীরে ধীরে নিজেকে যুক্ত করেন মানুষের নানা প্রয়োজনের সঙ্গে। শিক্ষা, চিকিৎসা, নারী উন্নয়ন, শিশুদের ভবিষ্যৎ, পরিবেশ, সংস্কৃতি ও রক্তদান—বিভিন্ন ক্ষেত্রে তাঁর কর্মকাণ্ড বিস্তৃত হতে থাকে।
সদর উপজেলার ফটিয়ামারীতে প্রতিষ্ঠা করেন ‘উপমা’ বিদ্যালয়। শহরের সজবরখিলা এলাকায় গড়ে তোলেন ‘উপমা হাসপাতাল’। সমাজসেবায় নিজের সঞ্চয় ও পারিবারিক সম্পদের অংশই তিনি ব্যয় করেছেন।
তাঁর সমাজসেবার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—তিনি শুধু তাৎক্ষণিক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ থাকেননি; বরং মানুষের দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছেন। অর্থাৎ তাঁর মানবসেবা ব্যক্তিগত দানের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
শেরপুরের স্বাস্থ্যসেবায় এক দীর্ঘ অধ্যায়
শেরপুরের স্বাস্থ্যসেবার সঙ্গে রাজিয়া সামাদ ডালিয়ার নাম দীর্ঘদিন ধরে যুক্ত। মানুষের প্রয়োজনেই তিনি ডায়াবেটিস হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেন। পরে হৃদরোগীদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ তৈরিতেও হাত দেন। তাঁর উদ্যোগে ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা এবং হার্ট ফাউন্ডেশনের কাজ শুরুর কথাও আমরা জেনেছি।
দুস্থ রোগীর চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধ বা ইনসুলিনের ব্যবস্থা, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছে দেওয়া কিংবা রক্তের ব্যবস্থা—মানুষের প্রয়োজনের মুহূর্তে নানা উপায়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। স্বাস্থ্যসেবা তাঁর কাছে কেবল চিকিৎসা দেওয়ার বিষয় নয়; এটি মানুষের প্রতি সামাজিক ও মানবিক দায়িত্বেরও অংশ। সংগঠন ‘উজ্জয়িনী’র ব্যবস্থাপনায় এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় শেরপুরে নামমাত্র মূল্যে চোখের চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের ব্যবস্থাও হয়েছে।
নারীকে শুধু সাহায্য করা নয়, স্বাবলম্বী করার চেষ্টা
নারী উন্নয়নের ক্ষেত্রে রাজিয়া সামাদ ডালিয়ার ভূমিকা উল্লেখযোগ্য। শেরপুরের নারীদের সংগঠিত করে তিনি গড়ে তোলেন ‘উজ্জয়িনী’ মহিলা সংগঠন। সংগঠনটির মাধ্যমে নারীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। প্রায় ৫০০ নারীর প্রশিক্ষণ গ্রহণ ও তাঁদের অনেকে স্বাবলম্বী করে তুলবার ক্ষেত্রে রেখেছেন বিশেষ অবদান।
তাঁর কর্মকাণ্ডের দর্শন সহজ—কাউকে শুধু সাহায্য করলে সে সাহায্যনির্ভর হয়ে থাকতে পারে; কিন্তু তাকে কাজ শেখানো গেলে সে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পায়।
নারীর ক্ষমতায়নের এই বাস্তবভিত্তিক চিন্তাই তাঁকে কেবল ত্রাণ বা আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ রাখেনি। নারীদের দক্ষতা অর্জন, আয় করার সুযোগ এবং আত্মনির্ভরতার পথ তৈরির ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।
শিশুদের জন্য মমতার আলাদা জগৎ
রাজিয়া সামাদ ডালিয়ার মানবিক কর্মকাণ্ডের সবচেয়ে কোমল অধ্যায় শিশুদের নিয়ে। ছিন্নমূল ও দরিদ্র শিশুদের পড়াশোনার সুযোগ তৈরির লক্ষ্যে তাঁর পৃষ্ঠপোষকতায় ‘রাজিয়া সামাদ ডালিয়া শিশু ফাউন্ডেশন’ কার্যক্রম শুরু করে। ২০২০ সালে শেরপুরের ভাতলাশা বয়ড়াপরানপুর এলাকায় শিশুদের পাঠদানের মধ্য দিয়ে এর কার্যক্রমের সূচনা হয়।
নিজের বাড়িতে এতিম ও অসহায় শিশুদের থাকা ও লেখাপড়ার ব্যবস্থা করেছেন তিনি। রাস্তায় পাওয়া দুই কন্যাশিশুকে নিজের পরিচয়ে বড় করে তুলেছেন; তাঁদের একজন পরবর্তীকালে ভূমি জরিপ কর্মকর্তা হয়েছেন। এখানে ‘সমাজসেবা’ শব্দটির প্রচলিত অর্থও যেন কিছুটা ছোট হয়ে যায়। কোনো অসহায় শিশুর শিক্ষা ও বেড়ে ওঠার দায়িত্ব নিজের জীবনের অংশ করে নেওয়া নিছক দান নয়; যা মমতা, দায়িত্ববোধ এবং অভিভাবকত্বের প্রকাশ।
হৃদরোগীদের জন্য স্বপ্ন
ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি হৃদরোগীদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ তৈরির উদ্যোগ তাঁর সামাজিক কর্মকাণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শেরপুরে বাবার কবরের পাশে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন তিনি। নিজের পারিবারিক স্মৃতি ও শিকড়কে মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত করার এই প্রবণতা তাঁর জীবনদর্শনের একটি বিশেষ দিক।
রক্তের প্রয়োজনে মানুষের পাশে
রক্তের প্রয়োজন হলে রক্তদাতার সন্ধান করা, দরিদ্র রোগীর চিকিৎসার ব্যবস্থা করা কিংবা অসহায় মানুষের জন্য সহায়তার ব্যবস্থা—এসব কাজে দীর্ঘদিন ধরে যুক্ত তিনি।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছেন রাজিয়া সামাদ ডালিয়া। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
